চট্টগ্রাম

রমজান আমাদের আত্মসংযম ও ত্যাগের শিক্ষা দেয় : ড. আ জ ম ওবায়েদুল্লাহ 

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র রমজানের সুমহান বার্তা ধারণ করে গত বুধবার (২৬ মার্চ) চান্দগাঁও অদুরপাড়া সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। “রোজার তাৎপর্য” শীর্ষক এই আয়োজনে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে অনন্য মর্যাদায় অভিষিক্ত করে।

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও মনোমুগ্ধকর ইসলামি সংগীত পরিবেশনার মাধ্যমে, যা উপস্থিত সকলের হৃদয়ে এক গভীর ভাবাবেগ সৃষ্টি করে।

এতে সভাপতিত্ব করেন অদুরপাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি হাফেজ সিরাজ কামাল এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আবু হোছাইন মু এরশাদ। তাদের দক্ষ পরিচালনায় পুরো অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা লাভ করে।

উদ্বোধনী বক্তব্যে সিরাজ কামাল রমজানের আত্মশুদ্ধিমূলক দিকের ওপর আলোকপাত করে বলেন—
“রমজান শুধু সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ এবং ইবাদতের এক মহিমান্বিত সুযোগ। এ মাস আমাদের সত্যিকারের পরিশুদ্ধতার পথে ধাবিত হতে উদ্বুদ্ধ করে।”

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর আবু জাফর মো. ওবাইদুল্লাহ।

তিনি বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস, যা আমাদের আত্মসংযম ও ত্যাগের শিক্ষা দেয়। এটি সামাজিক ঐক্য, সহমর্মিতা ও মানবতার সেবায় আত্মনিয়োগের এক অনন্য উপলক্ষ। এ মাসে কুরআনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করে তা শুদ্ধভাবে পড়ার অনুশীলন করা উচিত।”

বিশেষ অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক চট্টগ্রাম মহানগরী সভাপতি ও চান্দগাঁও থানা জামায়াতের আমীর মু. ইসমাইল হোসেন বলেন, “রমজান আমাদের আত্মসংযম, নৈতিকতা ও ধর্মীয় অনুশাসনের শিক্ষা দেয়। এই মাসের শিক্ষা গ্রহণ করে আমাদের সারাজীবন ইসলামের পথে পরিচালিত হওয়া উচিত।”

বিশেষ অতিথি চট্টগ্রাম-৮ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ পদপ্রার্থী ও চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. মু. আবু নাসের কিয়ামতের আলামত, তাকওয়া, কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামের ভূমিকা এবং ভালো কাজের আদেশ ও খারাপ কাজের নিষেধের বিষয়ে গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী রাইসুর রহমান তিতু ইসলামী আন্দোলনের তাৎপর্য ও এলাকার কল্যাণে তার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪নং চান্দগাঁও ওয়ার্ডের বিএম সম্পাদক আব্দুল আহাদ, জেদ্দা প্রবাসী কল্যাণ ফোরামের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, অদুরপাড়া সমাজের সভাপতি আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মো. আলী ছিদ্দিকী, আরকান উদ্দিন হেলালী, আকতার কামাল মহসিন, আবু বক্কর, ড. আবু ত্বহা মক্কী, হাজী আবু তাহের, ইমাম উদ্দিন প্রমুখ।


সম্পর্কিত খবর