
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরে মোটরসাকেলে এসে প্রাইভেট কারে থাকা লোকদের উপর গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) রাত পৌনে ৩ টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—আবদুল্লাহ্ এবং মানিক। হাসপাতালে চিকিৎসাধীন আছেন হৃদয় ও রবিন নামে দুইজন। তারা হাসপাতালের ক্যাজুয়েলটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতরা সকলেই গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত মানিকের স্বজনরা জানিয়েছে, মানিক পেশায় একজন প্রাইভেট কার চালক। সরোয়ার নামে এক ব্যক্তির প্রাইভেট কার চালাতেন। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। অপরদিকে আবদুল্লাহ’র বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, এক্সেস রোডে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে দুইজনকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকী দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে চমেক হাসপাতালে ছুটে আসেন নিহত মানিকের স্বজনরা। হাসপাতালে তারা কান্নায় ভেঙে পড়েন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত পৌনে ৩ টার দিকে নগরের এক্সেস রোডের গুলজার বেগম মোড়ে প্রচন্ড গোলাগুলির শব্দ শোনা যায়। অস্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক কয়েকটি মোটরসাইকেল নিয়ে একটি প্রাইভেটকারকে তাড়া করে। চলন্ত প্রাইভেটকারকে লক্ষ্য করে এক পর্যায়ে গুলি ছুঁড়তে থাকে দুর্বৃত্তরা। এসময় প্রাইভেট কারে থাকা চারজনই গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে দুইজন মারা গেছেন। তাদের লাশ চমেক হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আহত আরও দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত এবং আহতরা সকলেই প্রাইভেট কারে ছিল। কারা, কি কারনে এ ঘটনা সংঘটিত করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
