
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরে আলোচিত ডাবল মার্ডারে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
বুধবার (২ এপ্রিল) মধ্যরাতের বিভিন্ন সময়ে একজনকে ফটিকছড়ি থেকে অন্যজনকে চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দুই আসামি হলেন— মো. বেলাল ও মো. মানিক। গ্রেফতার বেলাল খাজা রোডের বাদামতল এলাকার মো. রফিকের ছেলে। মানিক ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ জানিয়েছে, গত ৩০ মার্চ রাত আড়াইটার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোডে প্রাইভেটকারে (চট্ট মেট্রো- গ-১২-৯০৬৮) থাকা সরোয়ার হোসেন বাবলা, আব্দুল্লাহ আল রিফাত, মো. বখতিয়া হোসেন মানিক (২৮), মো. ইমন, রবিউল হোসেন হৃদয়, রবিনদের গাড়িকে লক্ষ্য করে ৬/৭টি মটরসাইকেলে করে গুলি ছুঁড়ে।
এতে প্রাইভেট কারে থাকা মো. বখতিয়ার হোসেন মানিক(২৮), আব্দুল্লাহ আল রিফাত (২২), রবিউল হোসেন হৃদয় ও রবিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর হয়। তাদেরকে চমেক হাসপাতালে নেওয়া হলে মো. বখতিয়ার হোসেন মানিক ও আব্দুল্লাহ আল রিফাতকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকী দুই জন হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় নিহত মো. বখতিয়ার হোসেন মানিকের মা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় পুলিশ মো. বেলাল ও মো. মানিককে গ্রেফতার করা হয়েছে। এখনও ধরাছোঁয়ার বাইরে এ মামলার এজাহারভুক্ত আসামি মো. হাছান (৩৬), মোবারক হোসেন ইমন (২২), খোরশেদ (৪৫) ও রায়হান (৩৫)।
