রাজনীতি

উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষে জামায়াত আমীরসহ ৩ জন নিহত

ফারুক আহমদ, উখিয়া :

কক্সবাজারের উখিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ তিন জন নিহত ও দুই জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন হাফেজ আব্দুল্লাহ আল মামুন। তিনি ওয়ার্ড জামায়াতের আমীর।

রবিবার ( ৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার রাজা পালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনাটি সংগঠিত হয়েছে।

নিহতরা হলেন, নাজির হোসেনের পুত্র হাফেজ আব্দুল্লাহ আল মামুন (৩৮) মোঃ হোসেনের পুত্র আব্দুল মান্নান (৩২) ও বোন শাহীনা আক্তার (৩৬)। আহতদের মধ্যে মোঃ হামিদ এর নাম পাওয়া গেছে।

উখিয়া থানার অফিসার ইইনচার্জ (ওসি) মোঃ আরিফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে হাসপাতালে হাফেজ আব্দুল্লাহ আল মামুনের লাশ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইমরান। অপর ২ জনের লাশ কুতুপালং এমএসএফ হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত করেছেন বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নাজির হোসেন ও মোঃ হোসেনের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারা পরস্পর চাচাতো ভাই। বিরোধের জের ধরে রবিবার সকালে দু পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন উখিয়া হাসপাতালে ও দুইজন কুতুপালং এম এস এ হাসপাতালে মারা যান।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে।


সম্পর্কিত খবর