
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে একটি জুতা তৈরির কারখানার ৪০ শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে ওই কারখানার বাকী শ্রমিকরা।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে নগরের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) এক্সেলসিওর স্যুজ লিমিটেড নামে জুতা কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে।
শনিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নগরের এম এ আজিজ সড়কের ইপিজেড থানার ফ্রিপোর্ট মোড় অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। জুতা তৈরির ওই কারখানাটি সিইপিজেডের ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে অবস্থিত।
শ্রমিকরা নগরীর সিইপিজেডে প্রবেশ মুখের সামনের সড়কেই শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় তারা চাকরি ফেরতের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
শ্রমিকরা বলছেন, ঈদের আগে কোনো কারণ ব্যতীত তাদের ছাঁটাই করা হয়েছে। তারা চাকরি ফেরত চান। তারা কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন না।
চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সোলায়মান বলেন, ‘৪০ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এক্সেলসিওর স্যুজ লিমিটেড-এর শ্রমিকরা ফ্রিপোর্ট মোড়ের সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে আমরা সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
