
নিজস্ব প্রতিবেদক :
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার ঘটনায় বিক্ষুব্ধ জনতা বন্দর নগরী চট্টগ্রামের জিইসি মোড়ে ‘কেএফসি’ ও ‘পিৎজা’ হাট নামে দুটি রেস্টুরেন্ট ভাঙচুর করেছে। ইট-পাটকেল এবং জুতা নিক্ষেপ করে বিক্ষুব্দ শিক্ষার্থী ও সাধারণ লোকজন এসব রেস্টুরেন্ট ভাংচুর করে। এতে ওই রেস্টুরেন্ট এবং ভবনের সামনের অংশের কাঁচ ভেঙে যায়। খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৭ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ইসরাইলবিরোধী কয়েকটি বিক্ষোভ মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে দুটি রেস্টুরেন্ট ভাঙচুর করা হয়।
জানা গেছে, ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিকেল সাড়ে ৩টার দিকে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনকিলাব মঞ্চ ও হেফাজত ইসলামের পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল জিইসির দিকে রওয়ানা হয়। এতে সাধারণ মানুষসহ বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিকেল সোয়া ৪টার দিকে মিছিলটি নাসিরাবাদ অতিক্রম করার পরই সানমার ওশান সিটি শপিংমল সংলগ্ন কেএফসি রেস্তোঁরার সামনে থেমে যায়। একপর্যায়ে মিছিল থেকে জুতা ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে রেস্তোঁরার সামনের অংশের কাঁচ ভেঙে যায়। এর একটু পর জিইসি মোড় অতিক্রম করার পর পিৎজা হাট রেস্টুরেন্টেও একইভাবে ইটপাটকেল ও জুতা নিক্ষেপ করা হয়। এতে রেস্টুরেন্টেটির সামনের কাঁচ ভেঙে যায়।
পরে মিছিলটি জিইসি মোড় ঘুরে দুই নম্বর গেইটের দিকে যায়। জিইসি মোড়ে হোটেল জামান সংলগ্ন পাঁচলাইশ ট্রাফিক পুলিশ পরিদর্শকের কার্যালয়ের উপরে থাকা ‘কোকাকোলা’র সাইনবোর্ডে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় জামান হোটেলের সামনের কাঁচ এবং ওই ভবনের কাঁচও ভেঙে পড়ে যায়।
এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, ‘ জিইসি মোড়ে কেএফসি ও ‘পিৎজা’ হাট নামে দুটি রেস্টুরেন্টের সামনের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বের করা মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপের কারনে ভেঙে যায় বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।’
