
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম আদালতের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশ আলিফ হত্যা মামলায় গ্রেফতারকৃত ১১ জন আসামীর জামিন না মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান এর আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (এডিসি-প্রসিকিউশন) মো. মফিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশ আলিফ হত্যা মামলায় আদালতে জামিন শুনানি হওয়া ১১ আসামীর মধ্যে রয়েছে, প্রেম নন্দন দাশ প্রকাশ যুদ্ধা (১৯), রনপ দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।
গত ২৬ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরন জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালতে হাজির করে একটি রাষ্ট্রদ্রোহী মামলায় জামিন শুনানি ছিল। ওই দিন আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পরে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীগন চিন্ময়ের বহনকারী প্রিজন ভ্যানের সামনে ও পিছনে শুয়ে পড়ে দীর্ঘ আড়াই থেকে তিন ঘন্টা জটলা ও আদালত প্রাঙ্গনে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে। তখন সাধারণ আইনজীবী, মুসল্লিগন ও বিচার প্রার্থী সাধারণ মানুষ আদালত প্রাঙ্গনে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। এরমধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় কোতোয়ালী থানাধীন এসি দত্ত লেইনস্থ নিলয় স্বজন বিল্ডিংয়ের পাশে এ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশ আলিফকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।
এ ঘটনায় গত ৩০ নভেম্বর নিহত আলিফ এর পিতা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
