জাতীয়

সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদানকারী আটক

নিজস্ব প্রতিবেদক :

মানবতাবিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদানকারী নুরুল আবছারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম পাড়ার জনৈক আব্দুল গনি মাঝির বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের ছেলে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন নুরুল আবছারসহ আরও অনেকেই। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদানকারীরা আত্মগোপনে চলে যান।

এলাকাবাসীর দাবি, গত বছরের ৫ আগস্টের পর তিনি দীর্ঘদিন ধরে রামুর ওই বাড়িত আত্নগোপনে ছিলেন। কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহবায়ক শাব্বির হোসেন বাদশাহ জানান, আত্নগোপনে থাকার খবর পেয়ে বিএনপি নেতা এনামুল হক ও হানিফ জিহাদীর নেতৃত্বে স্থানীয় জনতা ওই বাড়িটি ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটক নুরুল আবছার বর্তমানে রামু থানা হেফাজতে রয়েছেন। রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইমন কান্তি চৌধুরী।


সম্পর্কিত খবর