বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলাধুলা

ভুটানের ক্লাবে খেলতে দেশ ছাড়লেন পাঁচ নারী ফুটবলার

ডেস্ক রিপোর্ট :

ভুটানের ক্লাবে খেলতে এবার দেশ ছাড়লেন পাঁচ নারী ফুটবলার মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র।

তাদের সঙ্গে রোববার (১৩ এপ্রিল) ভুটানের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল কৃষ্ণা রানী সরকারেরও। কিন্তু দুইবারের উইমেন’স সাফ জয়ী এই ফরোয়ার্ড ওয়ার্ক পারমিট না পাওয়ায় যেতে পারেননি।

এর আগে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া ভুটানের নারী লিগে খেলতে দেশটিতে পৌঁছেছেন। তারা খেলবেন লিগের দল পারো এফসির হয়ে।

সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবে থিম্পু সিটির হয়ে এবং মাসুরা ও টানা দুই উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলকিপারের পুরস্কার জেতা রুপনা খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে।

প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে খেলতে যাওয়া মাসুরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক বার্তায় লিখেছেন, “ফি আমানিল্লাহ, ভুটানে যাচ্ছি।” মারিয়াও নিজের ছবি পোস্ট করে লিখেছেন, “ভুটান যাচ্ছি।”

গত অক্টোবরে নেপালে উইমেন’স সাফের মুকুট ধরে রাখার পর কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ১৮ জন ফুটবলার। লম্বা সময় ধরে চলা টানাপোড়েনের অবসান ঘটিয়ে ঈদ-উল-ফিতরের পর শুরু হওয়া ক্যাম্পে ফিরেছিলেন তারা।

আগামী জুনে উইমেন’স এশিয়ান কাপের বাছাই সামনে রেখে এ মুহূর্তে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বাটলার। তবে এরই মধ্যে নয় জন ফুটবলার পাড়ি জমালেন ভুটানের লিগে।


সম্পর্কিত খবর