
নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টার দিকে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে, থানার মোড় এলাকায়।
নিহত ব্যক্তির নাম আবু তালেব (৫৫), তিনি চন্দনাইশ উপজেলার কেশুয়া এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন হলেন মো. সিফাত (২৮)। অপর আহত দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী মিঠন কুমার দত্ত জানান, “ভোরে অফিসে যাওয়ার সময় দেখি, চট্টগ্রামমুখী একটি পণ্যবাহী ট্রাক সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু তালেব মারা যান।”
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।”
