চট্টগ্রাম

পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১৯ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার পুলিশের সাঁড়াশি অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে মো. আবিদ হোসেন শ্রাবন (২২) নামের এক চিহ্নিত চোরকে, যার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অন্তত ১৯টি মামলা রয়েছে।

থানাসূত্রে জানা যায়, চলতি মাসের ৮ এপ্রিল দুপুর ২টার দিকে মো. নোমান নামের এক টিউশনশিক্ষক হামজারবাগ এলাকায় তার ছাত্রের বাসায় টিউশন দিতে গিয়ে রাস্তায় পার্ক করে যান লাল রঙের একটি ১৫০ সিসি মোটরসাইকেল। টিউশন শেষে বিকেল ৪টার দিকে ফিরে এসে দেখতে পান তার ব্যবহৃত মোটরসাইকেলটি নেই।

মামলার প্রেক্ষিতে ঘটনাস্থলের সিসি ক্যামেরা বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে। ওই আসামি ইতোমধ্যে থানার আরেকটি মামলায় রিমান্ডে থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শ্রাবন মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে এবং জানায়, সেটি হাটহাজারীর ধোপপুল এলাকায় একটি দোকানের সামনে রাখা আছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে। গাড়িটি জব্দ তালিকা মূলে থানায় নিয়ে আসা হয়।

ধৃত আসামির বিরুদ্ধে সিএমপির ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী, কোতোয়ালী, চকবাজার, আকবরশাহ, বন্দরসহ নগরীর বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি বলেন, “চট্টগ্রাম শহরে চুরি-ছিনতাই দমনে আমরা সর্বদা তৎপর। পুরনো অপরাধীরা পুলিশের নজরদারিতে রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


সম্পর্কিত খবর