জাতীয়

রাউজানে দুর্ধর্ষ ছিনতাইকারী আমির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রামের রাউজানে সিএনজি চালকের উপর হামলা চালিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে রাঙ্গুনিয়ার লিচুবাগান এলাকা থেকে যাত্রী নিয়ে রাউজান থানাধীন পাহাড়তলী চৌমুহনী এলাকায় পৌঁছালে সিএনজি চালক মোহাম্মদ নাসির উদ্দিনের (৩৫) পথরোধ করে তিনজন ছিনতাইকারী। তারা হাতে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে চালককে রাস্তায় নামিয়ে এলোপাতাড়ি মারধর করে।

এরপর চালকের প্যান্টের পকেট থেকে জোরপূর্বক নগদ ৭০০ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুর্ধর্ষ ছিনতাইকারী মো. আমিরকে (২৫) গ্রেফতার করা হয়। গ্রেফতার আমির পাহাড়তলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খানপাড়া গ্রামের মো. মোস্তফার ছেলে। তার কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।

তবে তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তাদেরকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

ওসি বলেন, ঘটনার পর ভুক্তভোগী সিএনজি চালক নাসির উদ্দিন থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার ছিনতাইকারী মো. আমিরকে গ্রেফতার দেখানো হয়েছে।


সম্পর্কিত খবর