
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে আগামী বৃহস্পতিবার আরও ৬টি নতুন ই-কার সংযোজন করা হচ্ছে। এ নিয়ে মোট ই কার বা ইলেকট্রনিক কারের সংখ্যা দাঁড়াবে ১২টি।
মঙ্গলবার ( ২১ অক্টোবর) চবি উপ উপাচার্য (প্রশাসনের) সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, চাকসু প্রতিনিধি ও গ্রীন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের সম্মিলিত আলোচনায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ই কার বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ই-কারের অপ্রতুলতার কারণে শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে গাড়ি না পেয়ে হেঁটে অথবা রিকশায় করে যাতায়াত করতে হচ্ছিল। শিক্ষার্থীদের এই ভোগান্তি নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠকে নতুন ই-কার আনার সিদ্ধান্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আশা করি, নতুন ই-কারগুলো আসলে শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে ইনশাআল্লাহ। পরবর্তীতে চাহিদা অনুযায়ী আরও গাড়ি আনার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শীঘ্রই ই-কারের পুনর্বিবেচিত ভাড়া কার্যকর করা হবে, আগের ভাড়ার চেয়ে নতুন ভাড়ার তালিকায় ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ১৯ আগস্ট পরীক্ষামূলক ভাবে ৬টি ই কার চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
