বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

রাউজানে গ্রাম আদালতবিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, রাউজান
রাউজান উপজেলা সম্মেলন কক্ষে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ।
প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন রাউজান থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা এবং প্রশিক্ষক দল। তারা গ্রাম আদালতের আইনগত কাঠামো, দেওয়ানী ও ফৌজদারী মামলা, গ্রাম পুলিশের দায়িত্ব-কর্তব্য এবং মামলা নিষ্পত্তির বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ওসি তদন্ত নিজাম উদ্দিন দেওয়ান গ্রাম আদালতে বিচায্য মামলার ধরন, মামলা পরিচালনা ও সমাধান প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফারহানা ইদ্রিস, জেলা ম্যানেজার সাজিদুল আনোয়ার, উপজেলা সমন্বয়কারী মো. ওসমান গণি এবং মিল্টন চাকমা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা নারী আবেদনকারীদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের গ্রাম আদালত পরিচালনার দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করেন।
সমাপনী বক্তব্যে ইউএনও জিসান বিন মাজেদ বলেন, “আইন ও বিধিমালা মেনে নথিপত্র প্রস্তুত, বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ এবং এজলাস ব্যবহার করে বিরোধ নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। এতে জনগণ দ্রুত ন্যায়বিচার পাবে এবং গ্রাম আদালতের প্রতি আস্থা বৃদ্ধি পাবে।”
উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি সহজতর হবে।


সম্পর্কিত খবর