বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

ট্রাফিক পুলিশের ওপর অটোরিকশাচালকদের হামলা, আহত ২

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উল্টো পথে সিএনজি চলাচলকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ ও সিএনজিচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাফিক পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

রবিবার (২১ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে কর্ণফুলী উপজেলার চরফরিদ ফসিল ফুয়েল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টো পথে চলাচলরত একটি সিএনজিচালিত অটোরিকশা থামাতে গেলে চালক ও তার সহযোগীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ও কনস্টেবল সালাউদ্দিন আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

ঘটনার পর কর্ণফুলী থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ১৬ জন সিএনজিচালককে আটক করে। এ সময় একাধিক সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

আহত ট্রাফিক সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার জানান, উল্টো পথে আসা একটি সিএনজি আটক করার সময় চালক ও তার সহযোগীরা দলবদ্ধভাবে হামলা চালায়।

অন্যদিকে, আটক কয়েকজন চালকের স্বজনরা দাবি করেছেন, হামলার সময় তাদের আত্মীয়রা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কর্ণফুলী মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকের বলেন, উল্টো পথে যান চলাচল বন্ধ করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। আহত পুলিশ সদস্যরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের পরিচয় ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


সম্পর্কিত খবর