বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

‘খুন করে বিপ্লবের চেতনা দমানো যায় না’

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, হাদির দুশমনেরা কার্যত বাংলাদেশেরই দুশমন। হাদিরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো। হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, এই দেশ, এই জাতি আমাদের; দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে আর চুরমারের সুযোগ দেবো না। এটাই ছিল তাদের অঙ্গীকার। তারা বলেছিল জীবন দেবো তবুও ‘চব্বিশ’ দেবো না। এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি। এটাই তাদের অপরাধ? তারা কারও দিকে অন্যায়ের হাত বাড়ায়নি। কারও ওপর জুলুম করেনি। হাদি আজীবন ইনসাফের কথা বলেছে। এমনকি এটাও বলেছে যে, আমি কোনো শত্রুর উপরেও বে-ইনসাফি করতে চাই না এবং কেউ বে-ইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই না।

হাদির খুনের মাধ্যমে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না জানিয়ে তিনি বলেন, যারা বিপ্লবী তাদের খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না। বরং সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে। হাদির জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে এবং আমরা মনে করি সারা দুনিয়ায় জানাজার সঙ্গে তারা মানসিকভাবে সম্পৃক্ত ছিল।

সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না দাবি করে জামায়াত আমীর বলেন, জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলী সেখানে (হাদির জানাজা নামাজ) উপস্থিত ছিলেন, তারা বুঝতে পেরেছেন। অতি দ্রুত সমস্ত সন্দেহ-সংশয়ের বাইরে এসে খুনিদের গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার-আমার কারও জীবন নিরাপদ করা যাবে না।


সম্পর্কিত খবর