বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অপরাধ

রাঙ্গামাটি থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ

সৌদিয়া পরিবহন ও রাঙ্গামাটি বাস মালিক সমিতির বিরোধের জেরে রাঙ্গামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি এই সিদ্ধান্ত কার্যকর করে।

হঠাৎ করে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহনের খোঁজে পড়েছেন।

জানা গেছে, সৌদিয়া পরিবহন সম্প্রতি রাঙ্গামাটি-ঢাকা রুটে দুটি বাস চালু করলেও রাঙ্গামাটি বাস মালিক সমিতিতে নির্ধারিত টোকেন ফি জমা দিচ্ছিল না। এ নিয়ে বিরোধের জেরে বুধবার সৌদিয়ার কাউন্টার বন্ধ করে দেয় সমিতি। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে কাউন্টার পুনরায় চালু করা হয়। তবে এর প্রতিবাদে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার সকাল থেকে সব বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।

পরিবহন চলাচল বন্ধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তারা দ্রুত সমস্যা সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, হঠাৎ এমন সিদ্ধান্ত অপ্রত্যাশিত। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।


সম্পর্কিত খবর