অপরাধ

রুপসীপাড়া মসজিদের জায়গা সিন্ডিকেটের মাধ্যমে জবরদখল

লামা উপজেলার রুপসীপাড়া বাজার জামে মসজিদের জায়গা জবরদখল করার অভিযোগ উঠেছে। একটি সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের সময়ে মসজিদের এই জায়গা গত ১২ বছর পূর্বে জবরদখল করা কয়েছে।মসজিদ কমিটির পক্ষ থেকে এমন অভিযোগ এনে লামা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি গোলজার হোসেন লিখিত অভিযোগে জানান, উপজেলার ২৯৪ নং দরদরী মৌজায় গত ১৯৮১-৮২ সালে ১৯২৯ বন্দোবস্ত মোকদ্দমা মুলে এই মসজিদের নামে ৩.৩৫ একর ১ম ও ২য় শ্রেনীর জায়গা বন্দোবস্ত প্রদান করা হয়। তিনি অভিযোগে জানান,রুপসী পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন মেম্বার এর ছোট ভাই মোঃ আবেদ আলী আওয়ামী লীগর দলীয় প্রভাব খাটিয়ে মসজিদের প্রায় ১০ শতক জায়গা জবরদখল করে নেয়। জবরদখলকৃত এই জায়গা আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে গত ১২ বছর যাবত জবরদখল করে রেখেছে।
অভিযোগে আরো জানায়, মসজিদ কমিটির পক্ষ থেকে এই জায়গা জবরদখল মুক্ত করার জন্য কয়েক বছর ধরে চেষ্টা চালানো হলেও দলীয় প্রভাবের কারণে উদ্ধার করা সম্ভব হয়নি।

সরজমিন পরিদর্শনে জানা গেছে তর্কিত জায়গায় অভিযুক্ত আবেদ আলী তিনটি দোকান ঘর নির্মাণ করে ২ টি ভাড়া দিয়েছে অপরটিতে নিজে দোকান করছে। বিগত আওয়ামীলীগ আমলে দলীয় সিন্ডিকেটের মাধ্যমে এই জায়গাটি জবরদখল করা হয়েছে বলে মুসল্লীরা দাবী করেছে।

অভিযোগের বিষয়ে আবেদ আলী জানান, তিনি দখল স্বত্ব হিসাবে এই জায়গাটি ৪ লক্ষ টাকা দিয়ে গত ২০১২ সালে কিনেছেন। মসজিদের এই জায়গা জবরদখল করতে ৬ জনে তার কাছ থেকে ৪ লক্ষ টাকা নিয়েছে। স্থানীয় ৬ জন রুপসীপাড়া বিনোদন ক্লাবের পক্ষে আবেদ আলীকে দখল হস্তান্তর কাগজ দিয়েছে। সরজমিন পরিদর্শনে কথিত রুপসীপাড়া বিনোদন ক্লাবের কোন অস্তিত্ব পাওয়া যায়নি।

রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন মেম্বার জানান, রুপসীপাড়া বিনোদন ক্লাবের রেজুলেশন করে কমিটির লোকজন দখল স্বত্ব হিসাবে এই জায়গাটি তার ছোট ভাই আবেদ আলীর নিকট বিক্রি করেছে। তর্কিত জায়গাটা পরিমাপে মসজিদের জায়গা চিহ্নিত হলে ছেড়ে দেবেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। শুনানির পর পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে।


সম্পর্কিত খবর