অর্থনীতি

চিটাগাং চেম্বারের নির্বাচন ২৩ মে

বারবার নির্বাচন পেছানোর পরও একই প্রক্রিয়ায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন স্থগিতের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ চট্টগ্রাম চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে নির্বাচন বোর্ড ঘোষিত তফসিল ও চলমান নির্বাচনী কার্যক্রমের ওপরও স্থগিতাদেশ দেওয়া হয়।

পরবর্তীতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেলের নির্দেশনায় আপিল বিভাগে সিভিল মিসলেনিয়াস পিটিশন দায়ের করা হয়। পরে আপিল বিভাগের চেম্বার জজ উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন।

এর ফলে দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ আগামী ২৩ মে ২০২৬ শনিবার নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলেই বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিটাগাং চেম্বারের প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ এর ভোটগ্রহণ কার্যক্রম আগামী ২৩ মে ২০২৬ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর