
রফিক মোহাম্মদ:
চট্টগ্রামের সদরঘাট থানায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া শ্রমিক লীগের নেতাকে ছাড়িয়ে নিতে যুবদল নেতা আবু তালেব লিটন ও শ্রমিক দল নেতা আক্তার হোসেনের ইন্ধনে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১.২০ টায় থানার সামনে চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক লীগ নেতাকর্মীদের নিয়ে এ বিক্ষোভ মিছিল করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সদরঘাট থানার অভিযান টিম সদরঘাটের মাঝিরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে সদরঘাট থানা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাসান মাঝিকে গ্রেফতার করে। পরবর্তীতে সদরঘাট থানা যুব দলের নেতা লিটন সদরঘাট থানার ওসির কাছে এসে গ্রেফতারকৃত শ্রমিক লীগের নেতাকে ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করে। লিটন চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য মশিউর রহমান স্বপনের অনুসারী বলে জানা যায়। থানার ওসি আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আগষ্টের ৩ এবং ৪ তারিখে ছাত্র সহ জনগণের উপরে গণহত্যা পরিচালনা করেছে তাদের কোন ছাড় নেই বলে লিটনকে তাড়িয়ে দেন। পরবর্তীতে যুবদল নেতা লিটনের ইন্ধনে চট্টগ্রাম ঘাট গুদাম শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মাঝি ও আজাদ মাঝির নেতৃত্বে হাসান মাঝিকে গ্রেফতারের প্রতিবাদে রাত-১১.২০ মিনিটে সদরঘাট থানার সামনে এসে বিক্ষোভ মিছিল করতে থাকেন। পরবর্তীতে যুবদল নেতা লিটন সদরঘাট থানার ভেতর থেকে গেইটে এসে বিক্ষোভ মিছিলকারী শ্রমিক লীগের নেতাকর্মীদের কে চলে যেতে বললে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
নগর বিএনপির এক নেতা জানান, পুলিশ একজন শ্রমিকলীগের নেতাকে গ্রেফতার করলে তাকে ছাড়ানোর জন্য শ্রমিকদল নেতা আক্তার ও যুবদল নেতা লিটনের নেতৃত্বে মিছিল করেছে। যেটা আমাদের দলের সাথে বেঈমানীর শামিল।
এ ব্যাপারে লিটন জানান, আমি শ্রমিকলীগের নেতাকে ছাড়ানোর জন্য যাইনি, এম এম ট্রান্সপোর্টের চুরির মামলার বিষয়ে গেছি। মিছিলের বিষয়ে তিনি বলেন শ্রমিকরা মিছিল করেছে তাদের অধিকার আদায়ে। আমি শ্রমিকলীগ নেতাকে ছাড়ানোর সুপারিশ করিনি।
সদরঘাট বিএনপির এক নেতা জানান, যুবদল নেতা লিটনের সাথে আওয়ামী লীগ এমপি লতিফের অনুসারী আবু তারেক রনির সাথে বিশেষ সখ্যতা ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে আবু তাহের রনি ও এমপি লতিফের সাথে লিটনের বিভিন্ন সময়ের ছবি ৫ আগষ্টের পরে ফেইসবুকে ছড়িয়ে পড়ে। উল্লেখিত বিষয়কে কেন্দ্র করে চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক লীগের নেতাকর্মীদের দ্বারা মালামাল লোড আনলোড বন্ধ করে মিছিল মিটিং করার সম্ভাবনা রয়েছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ব্যাপারে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, যুবদল নেতা লিটনের নেতৃত্বে শ্রমিকরা মিছিল করেছে। থানার সামনে এসে কিছুক্ষণ মিছিল করে চলে গেছে। শ্রমিকলীগের নেতাকে ছাড়ানোর জন্য তদবির করা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্রদের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
