চট্টগ্রাম

চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী ছোট সাজ্জাদকে শ্যোন অ্যারেস্ট

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে জোড়া খুনের ঘটনায় বাকলিয়া থানায় দায়ের করা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

একই সঙ্গে আদালত জোড়া খুনের ঘটনায় গ্রেফতার দুই আসামিকে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়াও চান্দগাঁও থানার আলোচিত তাহসীন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ছোট সাজ্জাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রবিবার (৬ এপ্রিল) পৃথক আদালত।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাকলিয়া থানায় জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামি মো. বেলাল ও মানিককে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় কারাবন্দী সাজ্জাদকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।

এছাড়াও সাজ্জাদকে আজ রবিবার চান্দগাঁও থানার তাহসীন হত্যা মামলায় ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এর আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ১৫ মার্চ দিবাগত রাতে ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। এরপর ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে দুর্বৃত্তের গুলিতে মো. আব্দুল্লাহ ও মো. মানিক নামে দুজন নিহত হয়। এ ঘটনায় ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে গত ৩ এপ্রিল ভোরে নগরের বহদ্দারহাট এলাকা থেকে বেলালকে এবং ফটিকছড়ি উপজেলা থেকে মানিককে গ্রেফতার করা হয়। বেলাল ‘সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন’ এবং মানিক মোটর সাইকেল সরবরাহ করেছিলেন বলে পুলিশের ভাষ্য।

গত বছরের ২১ অক্টোবর নগরের চান্দগাঁও থানার অদুরপাড়ায় প্রকাশ্যে গুলি করে তাহসীন নামে এক যুবককে হত্যা করা হয়। এ মামলায় ছোট সাজ্জাদকে আসামি করা হয়।


সম্পর্কিত খবর