অন্যান্য

চট্টগ্রাম বিমান বন্দরে যাত্রীর লাগেজ থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা যাত্রীর লাগেজ তল্লাশি করে ৯১০ গ্রাম ওজনের স্বর্ণপিন্ড ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭ লাখ টাকা।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শারজাহ থেকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যাত্রী মোহাম্মদ মোকসুদ আহমেদ। তিনি সাতকানিয়া উপজেলার আব্দুল খালেক এর ছেলে।

আটক যাত্রী

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যাত্রী মোহাম্মদ মোকসুদ আহমেদ এর সাথে আনা স্বর্ণবারের বিষয় কাস্টমস এ ডিক্লেয়ার না করে তার ব্যাগেজ সমেত গ্রীন চ্যানেল পার হওয়ার সময় তার আচরণ সন্দেহজনক বলে প্রতীয়মান হয়। পরে কাস্টমস প্রতিনিধি, বিমানবন্দর এভসেক, বিমানবাহিনী টাস্কফোর্স ও এনএসআই প্রতিনিধি তার সঙ্গে আনা ব্যাগেজ তল্লাশি শুরু করে। তিনি অভিনব কায়দায় ব্যাগের চ্যানেলের ভেতর, হাতঘড়ির চেইন আকারে, মোবাইলের এডাপ্টারের ভেতর, এয়ারপড এর ভেতর বিভিন্ন আকারে স্বর্ণপিন্ড/স্বর্ণবার পাওয়া যায়।

যেহেতু উক্ত যাত্রী কোন ধরনের পূর্বঘোষণা ব্যতীত চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণবার বহন করেছে তাই স্বর্ণবারগুলো ডিএম মূল্যে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকা।

এ কর্মকর্তা আরও জানান, গোল্ডবার গুলোকে কালার করে আনা হয়েছে। সেগুলো গোল্ড নিশ্চিত করতে এক্সপার্ট এনে পরীক্ষা করানো হয়। সমস্ত প্রক্রিয়া শেষ করতে যথেষ্ট সময় লেগেছে।


সম্পর্কিত খবর