
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে নিয়ে জেলার রাউজান উপজেলায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে রাউজানের মুন্সিরঘাটা এবং কদলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাজ্জাদের মুখ হেলমেট দিয়ে ডাকা ছিল। অভিযানে রাউজান থানা পুলিশের পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সোয়াট সদস্য, র্যাবসহ থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে এক পুলিশ কর্মকর্তা হ্যান্ড মাইকে ঘোষণা দেন ‘সিএমপির মাননীয় পুলিশ কমিশনারের নির্দেশে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রের কাছে কোন সন্ত্রাসীর জায়গা হবে না। আপনাদের এলাকায় কোন সন্ত্রাসী থাকে তাহলে তাদের পরিণতি এ ছোট সাজ্জাদের মতো হবে। সন্ত্রাসীদের যারা পৃষ্ঠপোষকতা করেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে।’
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘সন্ত্রাসী সাজ্জাদকে রিমান্ডে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাতে রাউজান উপজেলায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। সে আমাদের যেসব তথ্য দিচ্ছেন সেসব এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান চলমান আছে।’
গত ১৫ মার্চ দিবাগত রাতে ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৭টি মামলা রয়েছে। নগরের চান্দগাঁও থানার আলোচিত তাহসীন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ছোট সাজ্জাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রবিবার (৬ এপ্রিল) চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
২৯ মার্চ রাত পৌনে ৩টার দিকে বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেট কারে থাকা দুই জনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার ছোট সাজ্জাদকে রবিবার শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় সাজ্জাদকে হুকুমের আসামি করা হয়। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার অভিযোগে প্রাইভেটকারে থাকা সারোয়ার হোসেন বাবলাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয় বলে ধারণা করছে পুলিশ।
এতে সারোয়ারের প্রাইভেটকার চালক বখতিয়ার হোসেন মানিক ও তার সহযোগী আবদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে অক্ষত ছিলেন সারোয়ার ও তার সহযোগী রবিউল ইসলাম রবিন, ইমন ও হৃদয়। এর মধ্যে গুলিবিদ্ধ রবিন ও হৃদয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মঙ্গলবার (১ এপ্রিল) নগরের বাকলিয়া থানায় মামলাটি করেন নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম।
সাজ্জাদকে ধরতে গত ৩০ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। এর আগের দিন নগরের বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে ফেসবুক লাইভে এসে হুমকি দেন সাজ্জাদ। তাকে গ্রেফতারের পরদিন প্রতিক্রিয়া জানিয়ে তার স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসবো। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’
পুলিশ জানায়, সাজ্জাদ হোসেন বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১৭টি মামলা রয়েছে। গত বছরের আগস্ট থেকে অক্টোবরে আনিস, কায়সার ও আফতাব উদ্দিন নামের তিন বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলার আসামি তিনি।
