
আসন্ন নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের বিজয়ে শ্রমিক জনগোষ্ঠীই প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি বৃহস্পতিবার চট্টগ্রামের জামালখানে মহানগর কার্যালয়ে ফেডারেশনের উদ্যোগে আয়োজিত বিশেষ সদস্য বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
এস এম লুৎফর রহমান বলেন, দেশের শ্রমিক সমাজ এখন আগের চেয়ে বেশি সচেতন ও সংগঠিত। শ্রমিকদের মৌলিক অধিকার, ভোটাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রশ্নে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে শ্রমিকরা মাঠে সক্রিয় ভূমিকা পালন করবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকরা ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। এই নির্বাচন শ্রমিকদের জন্য তাদের অধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সুযোগ।
শ্রমিক নেতা এস এম লুৎফর রহমান অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্রমিক শ্রেণি। এ কারণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে শ্রমিক জনতা আপসহীন অবস্থানে থাকবে।
বক্তব্যে তিনি বলেন, ভয়ভীতি ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে হবে। শ্রমিক জনতার শক্তিতেই ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকটি সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক স. ম. শামীম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিকসহ সংগঠনের নেতৃবৃন্দ।
