চট্টগ্রাম

পানিবন্দি অর্ধলক্ষ মানুষ

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় পাহাড় ধসে শিশুসহ দুই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে বৃহস্পতিবার (০৯জুলাই)গভীর রাতে একটি পাহাড়ের একাংশ ধসে একটি মাটির ঘর চাপা দেয়। নিচে থাকা একটি মাটির ঘরের উপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা বাসিন্দারা মাটির নিচে চাপা পড়েন।

নিহতরা হলেন, মিশন পাড়া এলাকার মৃত আদম আলীর ছেলে মোঃ ইউনুস (২৮) তাঁর স্ত্রী রানু আক্তার (২২)এবং তাদের সন্তান মোঃ সোলেমান(০৪) অন্য পরিবারটির নিহত সদস্যরা হলেন, একই এলাকার আলী হায়দারের ছেলে জুয়েল (৩৫) এবং তাঁর স্ত্রী কুলছুমা আক্তার(২৫)।

ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মাটি চাপা পড়া অবস্থা থেকে একে একে ৫ জনেরই মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোবারক হোসেন জানিয়েছে, পাহাড় ধসে মাটি দেয়াল ও ইটের দেয়াল চাপা পড়ে দুই পরিবারের শিশু সহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি উজানের ঢলে লামা উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে অর্ধ লক্ষ মানুষ।পাহাড়ি ঢলের পানিতে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র লামা বাজারসহ বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল। ফলে লামা পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাত এবং মাতামুহুরী নদীতে নেমে আসা উজানের ঢলে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন জানান পাহাড় ধসে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঝুঁকিতে থাকা মানুষদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর