
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট, ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করে সিটিটিসি। পাশাপাশি হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র?্যাব।
এ ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে। তার কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড এমুনিশন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগম (৬০)কে গ্রেপ্তার করেছে র?্যাব।
ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আট ব্যক্তির হাতবদল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি উদ্ঘাটন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। পরে ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির মালিকানা শনাক্তে নিবিড়ভাবে তদন্ত করা হয়। হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামের এক ব্যক্তি। পরে শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল, আনারুল থেকে পুনরায় ওবায়দুল হয়ে শুভ নামে এক ব্যক্তি মোটরসাইকেলটি কেনেন। উদ্ধার মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেটটি ডিবি’র কাছে হস্তান্তর করা হয়েছে।
র?্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মো. ফয়সাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর আগে, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির ও মা মোসা. হাসি বেগমকে গ্রেপ্তার করে র?্যাব।
এ ছাড়া এর আগে, ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবীর ও তাকে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত থেকে দু’জনকে গ্রেপ্তার করে র্যাব।
